মহালছড়িতে বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণ সভা ও দোয়া


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ৫:৩২ অপরাহ্ন /
মহালছড়িতে বেগম খালেদা জিয়ার স্মরণে স্মরণ সভা ও দোয়া

ছানোয়ার হোসেন : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে মহালছড়িতে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছে একটি পেশাজীবী সংগঠন।

১৭ জানুয়ারি ২০২৬ শনিবার  বিকেল সাড়ে ৩টায় খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সভাপতি মো. মোজ্জামেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রফেসর নুরুল আবসার, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি মোশারফ হোসেন এবং সাংগঠনিক সম্পাদক শিউলি বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহালছড়ি জিয়া পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মো. মামুন। এতে সভাপতিত্ব করেন অনুমং মারমা, প্রধান শিক্ষক, মধ্য আদম সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্মরণ সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে একজন সাহসী ও আপসহীন নেতৃত্বের প্রতীক। শিক্ষাক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর অবদান অপরিসীম, যা সহজে ভোলার নয়। বক্তারা তাঁর দেখানো আদর্শের পথে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

স্মরণ সভা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।