খাগড়াছড়িতে শীতার্তদের পাশে পার্বত্য জেলা পরিষদ


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ১:০৬ অপরাহ্ন /
খাগড়াছড়িতে শীতার্তদের পাশে পার্বত্য জেলা পরিষদ

  খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে পার্বত্য জেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকায় থাকা অসহায় মানুষদের দুর্ভোগও বেড়ে গেছে। এই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে পার্বত্য জেলা পরিষদ শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

দীঘিনালা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকায় অস্বচ্ছল ও শীতার্তদের মাঝে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার  বিকেলে মেরুং ইউনিয়নের চন্দ্র কিরণ কার্বারী পাড়া, আট মাইল ও নয় মাইল পাড়া এলাকায় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে উপকারভোগীদের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে।

প্রধান অতিথি নিটোল মনি চাকমা উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। তিনি শীতার্ত মানুষের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও পাশে থাকার আশ্বাস দেন।

নিটোল মনি চাকমা বলেন,
“শীতের সময় পার্বত্য অঞ্চলের দরিদ্র মানুষ সবচেয়ে বেশি কষ্টের মধ্যে থাকে। পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ বেশি হওয়ায় অনেক পরিবার কঠিন পরিস্থিতিতে জীবন যাপন করে। পার্বত্য জেলা পরিষদ মানবিক দায়িত্ববোধ থেকে এসব মানুষের পাশে দাঁড়াতে কাজ করে যাচ্ছে। আমাদের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে অনেক পরিবার রাতে কষ্টে কাটায়। পার্বত্য জেলা পরিষদের উদ্যোগ শীতার্তদের জন্য বড় ধরনের সহায়তা হিসেবে কাজ করছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা সৃষ্টি করেছে।

এর আগের দিন ১২ জানুয়ারি সোমবার  বিকেলে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা নিজ উদ্যোগে দীঘিনালা উপজেলার পোমাং পাড়া, যৌথ খাসার পাড়া, কুঁড়ি ঘর, বৌদ্ধ পাড়া, চাপ্পা পাড়া, চিত্ত মেম্বার পাড়া সহ বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত পরিবারের হাতে শীতবস্ত্র বিতরণ করেন।

পার্বত্য জেলা পরিষদ প্রতিবছর শীতকালে দুর্গম ও প্রত্যন্ত এলাকায় শীতবস্ত্র বিতরণসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম চালিয়ে আসছে।