
মোবারক হোসেন : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সঙ্গে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৭ জানুয়ারি বুধবার সকালে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার হামিদ।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন লক্ষ্মীছড়ি জোনের প্রতিনিধি ক্যাপ্টেন ইফতেখার আলম ভূইয়া, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম সোহাগ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ সোহরাব হোসেন ভূইয়া, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা লিটন চন্দ্র সূত্রধর, উপজেলা চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, হেডম্যান উলাপ্রু চৌধুরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তিনি বলেন, লক্ষ্মীছড়ি একটি শান্তিপূর্ণ উপজেলা হিসেবে পরিচিত এবং এখানকার সামাজিক পরিবেশ অত্যন্ত ভালো। এই ইতিবাচক পরিবেশ বজায় রাখতে সবাইকে নির্বাচনকালীন আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, লক্ষ্মীছড়ি উপজেলার সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় বিষয়গুলো সম্পর্কে তিনি অবগত হয়েছেন এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে।
জেলা প্রশাসক লক্ষ্মীছড়িকে সম্প্রীতির উপজেলা হিসেবে উল্লেখ করে বলেন, এই সৌহার্দ্য ও শান্তির পরিবেশ যেন সবসময় অটুট থাকে—সেজন্য সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :