মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ


admin প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন /
মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন বরণ

ছানোয়ার হোসেন: মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহজাহান পাটোয়ারী, খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক মো. জহিরুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ চাকমা। শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথি ও শিক্ষকরা দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

বিদায়ী শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বিদ্যালয়ের স্মৃতিময় দিনগুলোর কথা তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়ে এবং শিক্ষক ও সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ১৯১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে।

অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে শিক্ষার্থীরা গান, কবিতা ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষার্থীর সফলতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।