১৩তম জাতীয় নির্বাচন: ৫১ দলের মধ্যে ৪২টিরই নেই কোনো আসন


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৪, ২০২৬, ৫:১৮ অপরাহ্ন /
১৩তম জাতীয় নির্বাচন: ৫১ দলের মধ্যে ৪২টিরই নেই কোনো আসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয় ৫১টি নিবন্ধিত রাজনৈতিক দল। ঘোষিত ফলাফলে দেখা গেছে, এদের মধ্যে ৪২টি দল একটি আসনও অর্জন করতে পারেনি।

এখন পর্যন্ত ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। তিনটি আসনের ফল স্থগিত রয়েছে। একটি আসনে ভোটগ্রহণ বন্ধ করা হয়েছে এবং দুটি আসনের ফলাফল আইনি জটিলতার কারণে আটকে আছে।

ঘোষিত ফল বিশ্লেষণে দেখা যায়, মাত্র ৯টি দল সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছে। সবচেয়ে বেশি আসন পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)—২০৯টি। বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। ১১ দলীয় জোটভুক্ত এনসিপি পেয়েছে ৬টি আসন এবং বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি আসন।

এ ছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে। স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৭টি আসনে।

ফলাফলে দেখা গেছে, অনেক দল শতাধিক আসনে প্রার্থী দিলেও কোনো আসন পায়নি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১,৭৫৫ জন প্রার্থী এবং স্বতন্ত্র হিসেবে ছিলেন ২৭৩ জন। দলীয় প্রার্থীদের মধ্যে ৬৩ জন নারী ও ১,৬৯২ জন পুরুষ ছিলেন। স্বতন্ত্রদের মধ্যে ২০ জন নারী ও ২৫৩ জন পুরুষ প্রার্থী ছিলেন।

যেসব দল একটি আসনও পায়নি, তাদের মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় পার্টি, কমিউনিস্ট পার্টি অব বাংলাদেশ, গণতন্ত্রী পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), জাকের পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, গণফোরাম, গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাপ ও ইসলামী ফ্রন্ট বাংলাদেশ।

এ ছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, জাগপা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, বিএনএফ, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, বাংলাদেশ জাসদ, বাংলাদেশ সুপ্রিম পার্টি, এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বিএমজেপি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ রিপাবলিক পার্টি, সমাজতান্ত্রিক পার্টি অব বাংলাদেশ (মার্কসবাদী), জনতা দল, আম জনতা দল, বাংলাদেশ সমঅধিকার পার্টি ও বাংলাদেশ নিজামে ইসলাম পার্টিও কোনো আসন পায়নি।