লংগদুতে ৩ বীর ও বিজিবির যৌথ নির্বাচনী টহল-নিরাপত্তায় আস্থা ফিরেছে ভোটারদের মাঝে


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৩:৫২ অপরাহ্ন /
লংগদুতে ৩ বীর ও বিজিবির যৌথ নির্বাচনী টহল-নিরাপত্তায় আস্থা ফিরেছে ভোটারদের মাঝে

প্রতিনিধি : আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাঙ্গামাটির লংগদু উপজেলায় যৌথ নির্বাচনী টহল পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩ বীর (তেজস্বী বীর) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার দিনব্যাপী পরিচালিত এই যৌথ টহলে লংগদু উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র, প্রধান সড়ক, বাজার এলাকা এবং নির্বাচনের দৃষ্টিকোণ থেকে সংবেদনশীল স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় উপস্থিতিতে সাধারণ ভোটারদের মধ্যে স্বস্তি ও নিরাপত্তার অনুভূতি সৃষ্টি হয়েছে।
টহল চলাকালে যৌথ বাহিনীর সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন এবং ভোটারদের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে নির্বাচন ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় তারা সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলেও জানান।
নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ভোটের সরঞ্জাম পরিবহন রুট পর্যবেক্ষণ, সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিতকরণ এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে পুরো লংগদু উপজেলাজুড়ে একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।
৩ বীর (তেজস্বী বীর) ও বিজিবি সূত্র জানায়, নির্বাচন কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর এই সক্রিয় তৎপরতায় ভোটাররা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।