
প্রতিনিধি:
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি জোনের তত্ত্বাবধানে স্থানীয় মেয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বড় পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রিয়াং ম্রং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এই খেলাটি আয়োজন করা হয়।
নির্ধারিত সময়ে দুই দলের কেউই গোল করতে না পারায় ম্যাচটি গোলশূন্য ড্র হয়। পরে টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। টাইব্রেকারে রিয়াং ম্রং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বড় পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মাজহার হোসেন রব্বানী। এছাড়া জোনের অন্যান্য সামরিক কর্মকর্তা, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহোরাওয়ার্দী, গুইমারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। তিনি খেলোয়াড়দের শৃঙ্খলা, দলীয় চেতনা ও ক্রীড়ানৈপুণ্যের প্রশংসা করেন।
বক্তব্যে তিনি বলেন, এ ধরনের আয়োজন মেয়েদের ফুটবল চর্চাকে এগিয়ে নিতে সহায়ক হবে এবং তাদের আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়।
মাঠে উপস্থিত কয়েক শতাধিক দর্শক করতালি ও উচ্ছ্বাসের মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহ দেন। স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ পাহাড়ি অঞ্চলে সম্প্রীতি জোরদার করার পাশাপাশি নারী ক্রীড়াবিদ তৈরিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :