লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে সম্প্রীতি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল


admin প্রকাশের সময় : জানুয়ারী ২০, ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন /
লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে সম্প্রীতি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

মোবারক হোসেন :পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন, শান্তি-সম্প্রীতি বজায় রাখা এবং শিক্ষা বিস্তারের পাশাপাশি খেলাধুলার প্রচার, প্রসার ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে দুল্যাতলী আর্মি ক্যাম্প সংলগ্ন মাঠে সম্প্রীতি নারী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

১৯ জানুয়ারি সোমবার  বিকেলে অনুষ্ঠিত ফাইনাল খেলায় লক্ষ্মীছড়ি বালিকা ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে দুল্যাতলী বালিকা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে ট্রফি ও প্রাইজমানি বিতরণ করেন মিসেস রিজিয়ন কমান্ডার ও মিসেস জোন কমান্ডার।

পরে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নুরুল আমিন নারী খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় মনিকা চাকমার বাড়ি লক্ষ্মীছড়িতে। এখান থেকে আরও অনেক মনিকা চাকমা তৈরি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, তোমাদের অনেকেই খুব ভালো খেলেছো, ভবিষ্যতে তোমরা জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করবে—এই প্রত্যাশা রইল।

এসময় লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়াও জোনের উপ-অধিনায়ক মেজর সাদ বিন সাঈদ ও মেজর ফাহাদ বিন আসাদ, লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাগ, জেলা পরিষদ সদস্য অনিময় চাকমা, বাজার পরিচালনা কমিটির সভাপতি মো. ফোরকান হাওলাদার, ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, ত্রিলন চাকমা ও সুইশালা চৌধুরীসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ খেলা উপভোগ করেন।

উল্লেখ্য, এ টুর্নামেন্টে লক্ষ্মীছড়ি জোনের আওতাধীন মোট চারটি নারী ফুটবল দল অংশগ্রহণ করে।