
প্রতিনিধি : খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মো. বেলাল হোসেন (৪২) নামে এক যুবককে গলা কেটে হত্যার চেষ্টার অভিযোগে পুলিশের বিশেষ অভিযানে মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। ২৭ জানুয়ারি মঙ্গলবার সকালে মানিকছড়ি থানা পুলিশের একটি দল উপজেলার পৃথক স্থান থেকে অভিযুক্তদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন তিনটহরী ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকার মো. রাশেদুল ইসলাম হিরা (৩০) ও মো. জামাল উদ্দিন (৩২)।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে তিনটহরী ইউনিয়নের জয়নালের দোকানের সামনে বেলাল হোসেনকে একা পেয়ে অভিযুক্তরা তাকে গালিগালাজ শুরু করে। এ সময় বেলাল প্রতিবাদ করলে জামাল উদ্দিন তাকে জাপটে ধরে রাখেন এবং রাশেদুল ইসলাম হিরা একটি কাঁচের চায়ের কাপ ভেঙে ধারালো অংশ দিয়ে হত্যার উদ্দেশ্যে তার গলার বাম পাশে ও কানের নিচে আঘাত করেন। এতে বেলাল গুরুতর রক্তাক্ত আহত হন।
আহতের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় বেলাল হোসেনকে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আহতের ভাই মো. কাউছার বাদী হয়ে গত ১৯ জানুয়ারি মানিকছড়ি থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধির ৩২৪, ৩০৭ ও ৫০৬(২) ধারায় রুজু করা হয়।
মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ পারভেজ জানান, মামলার পর থেকেই অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে তিনি জানান।
আপনার মতামত লিখুন :