মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক্সকাভেটর জব্দ


admin প্রকাশের সময় : এপ্রিল ৫, ২০২৬, ৯:৩৬ অপরাহ্ন /
মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে এক্সকাভেটর জব্দ

 

মানিকছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। বিভিন্ন এলাকায় গোপনে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগের মধ্যে প্রশাসন অভিযান চালিয়ে দুটি মাটি কাটার যন্ত্র জব্দ করেছে।
৫ এপ্রিল রবিবার দুপুরে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। অভিযানের সময় একটি এক্সকাভেটর ও একটি মাটি বহনকারী যান জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি চক্র দীর্ঘদিন ধরে পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছিল। এসব মাটি পুকুর ভরাট ও জমি উন্নয়নের কাজে ব্যবহৃত হচ্ছিল। অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ঘটনাস্থলে গিয়ে একাধিক পাহাড় কাটার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনে ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার কথা জানান তিনি।
অভিযান চলাকালে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, গত এক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় বহু পাহাড় কেটে ফেলা হয়েছে। প্রশাসন ইতোমধ্যে একাধিক অভিযান চালিয়ে জরিমানা ও আইনি ব্যবস্থা গ্রহণ করেছে। তবে পরিবেশ রক্ষায় এসব অবৈধ কর্মকাণ্ড বন্ধে আরও কঠোর নজরদারির প্রয়োজন রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।