মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ ও বিজু উপহার বিতরণ


admin প্রকাশের সময় : মার্চ ২৩, ২০২৬, ৪:৪১ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ ও বিজু উপহার বিতরণ

জসীম উদ্দিন জয়নাল :

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর ও পাহাড়ের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব ‘বিজু’ উপলক্ষে শতাধিক বাঙালি ও পাহাড়ি অসহায় পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

১৯ মার্চ বৃহস্পতিবার  সকালে মাটিরাঙ্গা জোন সদরে আয়োজিত এক অনুষ্ঠানে জোনের আওতাধীন এলাকার শতাধিক দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী তুলে দেন মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন, পিএসসি।

পাহাড়ে শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।

এ সময় মাটিরাঙ্গা জোনের ক্যাপ্টেন মো. হাসনাঈন জালালীসহ অন্যান্য সামরিক কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপহার সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, দুধ, বাদাম, চাল, ডাল ও তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী।

উপহার পেয়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বাসিন্দারা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উপহার নিতে আসা এক নারী বলেন, সামনে তাদের বিজু উৎসব। এই সময়ে সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার পেয়ে তারা খুবই আনন্দিত।

এদিকে স্থানীয় এক বয়োজ্যেষ্ঠ বাঙালি বলেন, ঈদের আগে চাল, ডাল, সেমাই ও চিনির এই উপহার তাদের পরিবারে উৎসবের আনন্দ বাড়িয়ে দিয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খাঁন বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ঈদ ও বিজু—এই দুটি উৎসব পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক। প্রতিটি ঘরে উৎসবের আনন্দ পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।