
জসীম উদ্দিন জয়নাল :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুঃস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হয়েছে।
১৮ মার্চ বুধবার সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার সাতটি ইউনিয়নে এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার এবং প্রধান অতিথি হিসেবে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক। এছাড়াও উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী, শ্রমিকদলের সভাপতি তরিকুল ইসলাম সনিসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ কর্মসূচির আওতায় সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে শাড়ি, লুঙ্গি, খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার কয়েকশ’ পরিবার এতে উপকৃত হয়।
উপহার পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এই সহায়তা তাদের ঈদের প্রস্তুতিকে সহজ করেছে এবং আনন্দ বাড়িয়েছে।
অনুষ্ঠান শেষে দেশের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান বলেন, উৎসবের আনন্দে যেন কেউ বঞ্চিত না হয়, সে লক্ষ্যেই এ ধরনের সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :