
ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের সক্রিয় অংশগ্রহণে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। শান্তিপূর্ণ সহাবস্থানের মধ্য দিয়ে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করা ১১ জন প্রার্থী নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে মহালছড়ি উপজেলায় বিরামহীনভাবে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়ন ও বাজার এলাকা হ্যান্ডবিল, ব্যানার ও বিলবোর্ডে ভরে উঠেছে।
সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠকের মাধ্যমে প্রার্থীরা ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন এবং নিজেদের উন্নয়ন পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরছেন। দলীয় কার্যালয়গুলোতেও কর্মী-সমর্থকদের ব্যস্ত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে এমন প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণা মহালছড়িতে ইতিবাচক বার্তা দিচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় ভোটারদের মধ্যেও স্বস্তি ও আগ্রহ বেড়েছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার মো. আবু রায়হান বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) এক সাক্ষাৎকারে জানান, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে নিয়মিত নজরদারি চলছে। বর্তমানে মহালছড়িতে তিন প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সব মিলিয়ে সহাবস্থানের রাজনীতির আবহে মহালছড়িতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর, শান্তিপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রচারণা অব্যাহত রয়েছে।
আপনার মতামত লিখুন :