
ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে বৈষম্যহীন নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হয়।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে মহালছড়ি উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশে রূপ নেয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. আবুল হোসেন। বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, ইউএনও কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা প্রতাপ চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা বেতন কাঠামোয় বৈষম্যের শিকার হয়ে আসছেন। বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বিদ্যমান বেতন কাঠামো সামঞ্জস্যপূর্ণ নয়, যা কর্মচারীদের জীবনযাপনে মারাত্মক চাপ সৃষ্টি করছে। এই বৈষম্য নিরসনে অবিলম্বে বৈষম্যহীন নবম পে-স্কেল গেজেট আকারে প্রকাশ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, দাবি বাস্তবায়ন না হলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে আগামী দিনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :