
ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়িতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন থেকে ৫শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। ২১ জানুয়ারি বুধবার মহালছড়ি উপজেলার মিনি স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানটিতে নবাগতদের হাতে রজনীগন্ধার স্টিকার তুলে দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আব্দুল ছাত্তার মেম্বার এবং সভাপতিত্ব করেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াদুদ ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোঃ আব্দুল মালেক মিন্টু ও অনিমেষ চাকমা রিংকু । এছাড়া জেলা ও উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
ওয়াদুদ ভুঁইয়া অনুষ্ঠানে বলেন, “বর্তমান দুঃশাসন ও জনগণের ভোটাধিকারের হরণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে বিএনপি একমাত্র বিকল্প শক্তি। দেশের মানুষ আজ পরিবর্তন চায় এবং সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি। নতুনভাবে যোগদানকারীরা গণতন্ত্র পুনরুদ্ধার এবং আগামীতে বিএনপি সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।”
যোগদানকারীরা জানান, ২০০১-২০০৬ সালের পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কার্যক্রম উল্লেখযোগ্য ছিল, যা আওয়ামী সরকারের আমলে আর দেখা যায়নি। তারা আওয়ামী সরকারের ব্যর্থতা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং গণতান্ত্রিক অধিকার সংকুচিত হওয়ার প্রতিবাদে বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে দলবদ্ধ হয়েছেন।
অনুষ্ঠানে মহালছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
আপনার মতামত লিখুন :