
ছানোয়ার হোসেন : খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় নবাগত জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ৭ জানুয়ারি বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে মহালছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার সাদাত। সভায় সভাপতিত্ব ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের প্রতিনিধি মেজর মো. সামিউল সানি, মহালছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শামছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা। এছাড়া সভায় মুক্তিযোদ্ধা প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, হেডম্যান, ব্যবসায়ী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে পাহাড়ি অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও সার্বিক উন্নয়নে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকল নাগরিককে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করার আহ্বান জানান এবং নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন সম্ভাবনা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, ভূমি সংক্রান্ত জটিলতা এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন বিষয়ে নিজেদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। জেলা প্রশাসক মনোযোগসহকারে সবার বক্তব্য শোনেন এবং পর্যায়ক্রমে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সভাটি শেষ হয়।
আপনার মতামত লিখুন :