
ছানোয়ার হোসেন : খাগড়াছড়িু২৯৮ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরীর সমর্থনে মহালছড়ি উপজেলায় নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রুয়ারি শনিবার মহালছড়ি উপজেলা সদরে আয়োজিত এই কর্মসূচিতে জামায়াতে ইসলামী, ১১ দলীয় জোটের নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে মহালছড়ি উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি মো. আবু আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি-২৯৮ আসনের দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী। এছাড়া বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক চাইথোয়াই মারমাসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এডভোকেট ইয়াকুব আলী চৌধুরী একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তিনি নির্বাচিত হলে পাহাড়ি অঞ্চলের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সব সম্প্রদায়ের অধিকার সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে খাগড়াছড়ি-২৯৮ আসনের মানুষ উন্নয়ন ও সুশাসনের সুযোগ থেকে বঞ্চিত রয়েছে। এই অবস্থা পরিবর্তনে আগামী নির্বাচনে ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান বক্তারা।
সমাবেশে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচিটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
উল্লেখ্য, সমাবেশের আগে সকালে মহালছড়ি উপজেলার মাইসছড়ি, পাকিজাছড়ি, জয়সেন পাড়া ও মুবাছড়ি ইউনিয়নে ধারাবাহিকভাবে নির্বাচনী পথসভা ও গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।
আপনার মতামত লিখুন :