মহালছড়িতে চার ইউনিয়নে দিনভর গণসংযোগ ও ধানের শীষের প্রচারণায় ওয়াদুদ ভুঁইয়া


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৯, ২০২৬, ৩:০০ অপরাহ্ন /
মহালছড়িতে চার ইউনিয়নে দিনভর গণসংযোগ ও ধানের শীষের প্রচারণায় ওয়াদুদ ভুঁইয়া

 

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতা ওয়াদুদ ভুঁইয়া চারটি ইউনিয়নে সারাদিনব্যাপী গণসংযোগ ও ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালিয়েছেন। ৮ ফেব্রুয়ারি রবিবার সকালে তিনি মাইসছড়ি ইউনিয়ন থেকে তার গণসংযোগ কর্মসূচি শুরু করেন। এ সময় মাইসছড়ি বাজারে ওয়াদুদ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত একটি ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করা হয়। ক্যাম্পে গরিব, অসহায় ও দুঃস্থ রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করেন।
এরপর পর্যায়ক্রমে ক্যায়াংঘাট ইউনিয়ন, মুবাছড়ি ইউনিয়ন এবং মহালছড়ি সদর ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার, মন্দির, নতুন পাড়া, চোংড়াছড়ি, লেমুছড়ি ও গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন তিনি। গণসংযোগকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।
এ সময় ওয়াদুদ ভুঁইয়া বলেন, “দেশের গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন প্রয়োজন। জনগণ শান্তি, ন্যায় এবং পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত।”
তিনি আরও বলেন, পাহাড়ি ও বাঙালি সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রেখে উন্নয়ন ও মৌলিক অধিকার নিশ্চিত করাই বিএনপির রাজনীতির অন্যতম লক্ষ্য। আসন্ন নির্বাচনে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
গণসংযোগকালে তার সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ধানের শীষ প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
স্থানীয়রা জানান, ওয়াদুদ ভুঁইয়ার গণসংযোগ কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা গেছে। দিনব্যাপী এই কর্মসূচি সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মাইসছড়ি ইউনিয়নে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।