ভোটকেন্দ্র দখল ও সহিংসতা ঠেকাতে মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৮:২০ অপরাহ্ন /
ভোটকেন্দ্র দখল ও সহিংসতা ঠেকাতে মাটিরাঙ্গায় যৌথ বাহিনীর নির্বাচনী মহড়া

 

প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্র দখল, বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ নির্বাচনী মহড়া অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় মাটিরাঙ্গা সেনা জোনের তত্ত্বাবধানে ও জোন কমান্ডারের নির্দেশনায় আলুটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর দুই শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
মহড়ায় একটি কাল্পনিক ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলাকালে দুর্বৃত্তদের অনুপ্রবেশ, স্লোগান দিয়ে কেন্দ্র দখলের চেষ্টা, ভোটগ্রহণে বাধা, ব্যালট বাক্স ছিনতাই এবং অরাজক পরিস্থিতি সৃষ্টির দৃশ্য উপস্থাপন করা হয়। পরে স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাঠিচার্জ ও বিশেষ কৌশলের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার মহড়া প্রদর্শন করে।
এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কন্ট্রোল রুমের নির্দেশে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও অন্যান্য বাহিনীর সমন্বিত অভিযানের মাধ্যমে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, তা বাস্তবসম্মতভাবে তুলে ধরা হয়। মহড়ায় আইনশৃঙ্খলা রক্ষায় লাঠিচার্জ, গ্যাসগান ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের কৌশলও প্রদর্শন করা হয়।
মহড়ায় মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের পক্ষে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর গাফফারুজ্জামান, পিএসসি, আনসার ব্যাটালিয়ন, পুলিশ ও বিজিবির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
আয়োজকরা জানান, নির্বাচনের সময় সব আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ও দ্রুত প্রতিক্রিয়ার সক্ষমতা যাচাই, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো নাশকতামূলক পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলার প্রস্তুতি প্রদর্শন করতেই এ মহড়ার আয়োজন করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর এমন প্রস্তুতিমূলক তৎপরতায় আসন্ন নির্বাচনে ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থার পরিবেশ আরও জোরদার হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।