বিলাইছড়িতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপির গণসংযোগ ও প্রচারণা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ন /
বিলাইছড়িতে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে এনসিপির গণসংযোগ ও প্রচারণা

সুজন কুমার তঞ্চঙ্গ্যা : রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ কর্মসূচি পালন করা হয় ২৯৯ নং সংসদীয় আসনের এনসিপি মনোনীত অ্যাম্বাসেডর ও রাঙ্গামাটি জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বাবু প্রিয় চাকমার সমর্থনে। “পরিবর্তনের পক্ষে নতুন চোখে বাংলাদেশ” গড়ার প্রত্যয়ে দলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন।

প্রচারণা কার্যক্রমে নেতৃত্ব দেন বিলাইছড়ি উপজেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক বাবু স্বপন চাকমা। এ সময় দলের সক্রিয় সদস্য শিবানন্দ বড়ুয়া, সাধন চাকমা, নাগজ্যা চাকমাসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে নেতৃবৃন্দ পাহাড়ি এলাকার উন্নয়ন, অধিকার ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় নাগরিক পার্টির লক্ষ্য ও পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরেন। পাশাপাশি আসন্ন গণভোটে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ চিহ্নে ভোট দিয়ে পরিবর্তনের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

প্রচারণা চলাকালে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নতুন প্রত্যাশা ও আগ্রহ লক্ষ্য করা যায়। এনসিপির কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়নে দলটির মনোনীত অ্যাম্বাসেডর প্রার্থীর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

দলীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, বিলাইছড়ির জনগণ উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষায় গণভোটে বিপুলভাবে ‘হ্যাঁ’ ভোট প্রদান করবেন।