
সবুজ পাতা ডেস্ক : বিএনপি ক্ষমতায় এলে পার্বত্য এলাকায় স্থায়ী শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সর্বোচ্চ উদ্যোগ নেওয়া হবে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
শনিবার বিকেলে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় একাধিক নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা না হলে পাহাড়ি ও বাঙালি—কেউই নিরাপদ ও স্বস্তিতে থাকতে পারবে না। চাকরি, ব্যবসা-বাণিজ্য কিংবা স্বাভাবিক জীবনযাপনে সবাইকে আতঙ্কের মধ্যে থাকতে হয়। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে পাহাড়ে টেকসই শান্তি নিশ্চিত করা জরুরি।
ওয়াদুদ ভূইয়া আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে যা যা প্রয়োজন, বিএনপি ক্ষমতায় গেলে তা বাস্তবায়নে তিনি দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। তিনি দাবি করেন, অতীতেও তিনি খাগড়াছড়ি জেলার উন্নয়নে কাজ করেছেন এবং আগামীতেও মানুষের আস্থা পেলে উন্নয়ন ও শান্তির ধারাবাহিকতা বজায় রাখবেন।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে পাহাড়ে উন্নয়ন ও শান্তির জন্য কাজ করার সুযোগ দিলে জনগণের জীবনমান উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।
শনিবার বিকেল থেকে পানছড়ি উপজেলার চৌধুরী পাড়া, লোগাং বাজার, কোলনী পাড়া, বটতলী দমদম, মুসলিম নগর, জিয়া নগর, মধ্যম ফাতেমা নগর ও হাসান নগর এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
এসব পথসভায় পানছড়ি উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :