বান্দরবানে সেনাবাহিনীর হাতে ১৪ লাখ টাকাসহ জেএসএস সহযোগী আটক।


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৭, ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন /
বান্দরবানে সেনাবাহিনীর হাতে ১৪ লাখ টাকাসহ জেএসএস সহযোগী আটক।

ডেস্ক রিপোর্টঃ

 

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) সন্তু গ্রুপের সন্দেহভাজন এক সহযোগীকে নগদ ১৪ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী। আটককৃত ব্যক্তির নাম মং এনু মারমা (৩৩)।

 

আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ২০২৬ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ৯ টার দিকে বান্দরবান রিজিয়নের আলীকদম জোনের অধীনস্থ লামা উপজেলার ইয়াংছা আর্মি ক্যাম্পের চেকপোস্টে একটি গাড়ি তল্লাশির সময় এ অভিযান চালানো হয়। সেনা সূত্র জানায়, গাড়ি থেকে মং এনু মারমাকে জেএসএস (মূল)-এর সন্দেহভাজন সহযোগী হিসেবে শনাক্ত করে আটক করা হয়। পরবর্তী তল্লাশিতে তার কাছ থেকে নগদ ১৪ লাখ টাকা উদ্ধার করা হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় আটক ব্যক্তির বক্তব্যে অসঙ্গতি লক্ষ্য করেন সেনারা। বর্তমানে তিনি সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশে হস্তান্তর করা হবে বলে সেনা সূত্র নিশ্চিত করেছে।

 

এ ঘটনা পার্বত্য অঞ্চলে জেএসএস (মূল) গ্রুপের সশস্ত্র কার্যক্রম ও অবৈধ অর্থ লেনদেনের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি বান্দরবানের বিভিন্ন এলাকায় জেএসএস-সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনাও ঘটেছে।