
বান্দরবান প্রতিনিধি : বান্দরবানে নির্বাচনী প্রচারণাকালে পাহাড়ি জনগোষ্ঠীকে উদ্দেশ করে বিতর্কিত ‘আদিবাসী’ শব্দ ব্যবহার এবং সাংবিধানিক অধিকার নিয়ে বিভ্রান্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে ১০ দলীয় জোটের প্রার্থী মো. শাহ সুজার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সিএইচটি সম্প্রীতি জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এক যৌথ প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী পার্বত্য অঞ্চলের অবাঙালি জনগোষ্ঠীগুলোর স্বীকৃত পরিচয় হলো ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ বা ‘উপজাতি’। এর বাইরে বিভ্রান্তিকর ও বিতর্কিত শব্দ ব্যবহার সাংবিধানিক বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে সিএইচটি সম্প্রীতি জোট সংবিধানসম্মত পরিভাষা ব্যবহারের দাবিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অথচ নির্বাচনী সময় রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে সংবেদনশীল এই বিষয়ে উস্কানিমূলক ভাষা ব্যবহার করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়।
জোটের নেতারা অভিযোগ করেন, মো. শাহ সুজার বক্তব্য পার্বত্য অঞ্চলে বসবাসরত বাঙালি ও অবাঙালি জনগোষ্ঠীর মধ্যে বিভেদ ও ভুল বোঝাবুঝি সৃষ্টির অপচেষ্টা। তারা এ ধরনের বক্তব্যকে সম্প্রীতিবিরোধী আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে অবিলম্বে ওই প্রার্থীকে তার বক্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানানো হয় এবং ভবিষ্যতে এমন মন্তব্য থেকে বিরত থাকার দাবি জানানো হয়।
আপনার মতামত লিখুন :