
মো: সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার অঙ্গীকার করেছেন খাগড়াছড়ি–২৯৮ সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভূইয়া। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা এবং ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
৬ ফেব্রুয়ারি শুক্রবার দীঘিনালা উপজেলা সদর প্রেসক্লাব এলাকা থেকে শুরু হওয়া নির্বাচনী পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রচারণার ১৬তম দিনে তিনি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক পথসভা করেন এবং হাটবাজারে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন।
পথসভায় বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, খাগড়াছড়ি একটি বহুজাতিক ও বহুসাংস্কৃতিক জেলা, যেখানে দীর্ঘদিন ধরে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠী শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এই সম্প্রীতি রক্ষা করা সবার দায়িত্ব। বিএনপি ক্ষমতায় এলে ন্যায়ভিত্তিক শাসনের মাধ্যমে এই সহাবস্থান আরও সুদৃঢ় করা হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ঘুষ ও অনিয়মের সংস্কৃতি বন্ধ করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি প্রদান করা হবে। অতীত সরকারের সময় চাকরি পেতে বিপুল অঙ্কের ঘুষ দিতে হয়েছে—এমন অভিযোগ তুলে ধরে তিনি বলেন, বিএনপি এসব অনিয়মের অবসান ঘটাবে।
ওয়াদুদ ভূইয়া জানান, বিএনপি নির্বাচিত হলে ২০০১ থেকে ২০০৬ সালের তুলনায় বহুগুণ বেশি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থীদের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করা কঠিন হতে পারে। তাই এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে দলীয় প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সব ধর্মের মানুষের জানমাল, ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য ফ্যামিলি কার্ড ও হেলথ কার্ড চালুর মাধ্যমে সামাজিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানো হবে বলেও জানান তিনি।
পথসভা ও গণসংযোগ কর্মসূচিতে জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ কুমার চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক মালেক মিন্টু, উপদেষ্টা মাসুদ রানা, দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :