পাহাড়ি অঞ্চলের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আঞ্চলিক সংগঠন: ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৩:৩৮ অপরাহ্ন /
পাহাড়ি অঞ্চলের উন্নয়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আঞ্চলিক সংগঠন: ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক

প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য এলাকায় উন্নয়ন কর্মকাণ্ডে কিছু আঞ্চলিক সংগঠন বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। তিনি বলেন, পাহাড়ের মানুষের সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে এসব প্রতিবন্ধকতা মোকাবিলা করা জরুরি।
১০ ফেব্রুয়ারি মঙ্গলবার পানছড়ি উপজেলার ৩নং ইউনিয়নের পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এলাকার জন্য যোগ্য ও উন্নয়নমুখী প্রতিনিধি নির্বাচনের সুযোগ রয়েছে। তিনি বলেন, “আপনারা যাদের ভোট দেবেন, তারাই ভবিষ্যতে এই অঞ্চলের উন্নয়নের কথা জাতীয় পর্যায়ে তুলে ধরবেন। যারা উন্নয়নে বাধা সৃষ্টি করছে, তাদের প্রতিহত করতে যোগ্য নেতৃত্ব বেছে নেওয়ার এই সুযোগ হাতছাড়া করা যাবে না।”
তিনি আরও বলেন, সেনাবাহিনী পাহাড়ের সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। একইসঙ্গে তিনি আঞ্চলিক সংগঠনগুলোর প্রতি স্বাভাবিক জীবনে ফিরে এসে উন্নয়নের ধারায় যুক্ত হওয়ার আহ্বান জানান।
মতবিনিময় সভা শেষে সেনা রিজিয়নের উদ্যোগে সামাজিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পূজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, এলাকার উদ্যোগী নারীদের মাঝে সেলাই মেশিন, হতদরিদ্রদের মাঝে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, সেনা রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, ৩নং পূজগাং ইউনিয়নের ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে নিয়ে খাগড়াছড়ি সেনা রিজিয়ন কমান্ডার দুঃস্থ ও অসহায় মানুষের জন্য সেনাবাহিনীর আয়োজিত চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন করেন।