পার্বত্য মন্ত্রীর সঙ্গে এপিবিএন ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ


admin প্রকাশের সময় : মার্চ ৫, ২০২৬, ৬:৩৬ পূর্বাহ্ন /
পার্বত্য মন্ত্রীর সঙ্গে এপিবিএন ডিআইজি সালমা বেগমের সৌজন্য সাক্ষাৎ

জসীম উদ্দিন জয়নাল : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী দীপেন দেওয়ান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর ডিআইজি সালমা বেগম, পিপিএম, এনডিসি। বুধবার দুপুরে রাঙামাটি শহরে মন্ত্রীর বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে মন্ত্রী জানান, সরকার শিগগিরই ‘ফ্যামিলি কার্ড’ প্রথা চালু করার উদ্যোগ নিয়েছে। এ কার্ডে পরিবারের প্রধান হিসেবে নারীর নাম অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন। তালিকা প্রণয়নের ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা দলীয় পরিচয় বিবেচনা না করে প্রশাসনের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ কার্যক্রম বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ভূমিকা রাখার আহ্বানও জানান মন্ত্রী।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সময়ে পাহাড়ি নারীরা বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সমাজের প্রতিটি স্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। পুলিশ, প্রশাসন, প্রতিরক্ষা, পররাষ্ট্র ও বিচার বিভাগসহ গুরুত্বপূর্ণ পেশায় নারীদের ক্যারিয়ার গঠনে উৎসাহ দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।
এ সময় ডিআইজি সালমা বেগম পার্বত্য অঞ্চলের তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে এপিবিএন-এর চলমান কার্যক্রম এবং আইনশৃঙ্খলা রক্ষায় বাহিনীর ভূমিকা সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মন্ত্রণালয়ের অব্যাহত সহযোগিতা কামনা করে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।