তিন পার্বত্য জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট


admin প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ন /
তিন পার্বত্য জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

তিন পার্বত্য জেলা পরিষদে বাঙালি প্রতিনিধিত্ব ভাইস চেয়ারম্যানের দাবী জানিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট

প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা পরিষদে ভাইস চেয়ারম্যান পদে বাঙালি প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দিয়েছে সিএইচটি সম্প্রীতি জোট।
এক বিবৃতিতে সংগঠনটি জানায়, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান-এই তিন পার্বত্য জেলা পরিষদে দীর্ঘদিন ধরে বাঙালি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব কাঙ্ক্ষিত মাত্রায় নিশ্চিত হয়নি। বিশেষ করে জেলা পরিষদের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পদ ভাইস চেয়ারম্যান পদে বাঙালি প্রতিনিধিত্ব না থাকায় তারা ক্ষোভ প্রকাশ করে।
সিএইচটি সম্প্রীতি জোটের খাগড়াছড়ি জেলা প্রধান সমন্বয়ক মো. নিজাম উদ্দিন বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হলেও এখানকার প্রশাসনিক কাঠামোতে সকল জনগোষ্ঠীর অংশগ্রহণ সমানভাবে প্রতিফলিত হচ্ছে না। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট গোষ্ঠী জেলা পরিষদের ক্ষমতার কাঠামোতে প্রভাব বিস্তার করে আসছে, যার ফলে অন্য জনগোষ্ঠীগুলো বঞ্চিত হচ্ছে।
তিনি আরও বলেন, ভাইস চেয়ারম্যান পদে বাঙালি প্রতিনিধিত্ব নিশ্চিত করা কোনো বিশেষ সুবিধা নয়, বরং এটি সাংবিধানিক সমতার প্রশ্ন। সংবিধানে সকল নাগরিকের সমান অংশগ্রহণের কথা বলা হলেও পার্বত্য চট্টগ্রামে সেই নীতির বাস্তবায়ন দৃশ্যমান নয় বলে তিনি মন্তব্য করেন।
নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি নির্বাচন শেষে বাস্তবায়ন না হলে সংগঠনটি শান্তিপূর্ণ আন্দোলনের পথে যাওয়ার কথা জানায়। এ ক্ষেত্রে সমাবেশ, মানববন্ধন ও রাজপথ ভিত্তিক কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের কথা বিবৃতিতে উল্লেখ করা হয়।
সিএইচটি সম্প্রীতি জোটের পক্ষ থেকে বলা হয়, এই আন্দোলন কোনো ব্যক্তি বা নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়; বরং পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জনগোষ্ঠীর ন্যায্য অধিকার ও প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে একটি সমষ্টিগত প্রয়াস।

সংগঠনটি আরও জানায়, তারা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের পক্ষে এবং নির্বাচন পরবর্তী সময়ে পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।