
প্রতিনিধি:শীতের তীব্রতায় কষ্টে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে সীমান্ত পরিবার কল্যাণ সমিতির উপ-শাখা সীপক্স, পানছড়ি। সংগঠনটির উদ্যোগে ৬ জানুয়ারি মঙ্গলবার পার্বত্য এলাকার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
দীর্ঘদিন ধরে সীমান্ত পরিবার কল্যাণ সমিতি একটি সমাজকল্যাণমূলক সংগঠন হিসেবে মানবসেবায় কাজ করে আসছে। এরই অংশ হিসেবে উপ-শাখা সীপক্স, পানছড়ির ব্যবস্থাপনায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে এ জনহিতকর কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার শতাধিক অসহায়, হতদরিদ্র ও শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-শাখা সীপক্স, পানছড়ির সাধারণ সম্পাদিকা মিসেস উম্মে আসমা।
এ সময় ৩ বিজিবির উপ-অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েসের নেতৃত্বে অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত থেকে কর্মসূচির সার্বিক তত্ত্বাবধান করেন।
স্থানীয় বাসিন্দারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, শীতের কঠিন সময়ে এ ধরনের সহায়তা দরিদ্র ও অসহায় মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং তা তাদের দৈনন্দিন কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।
আপনার মতামত লিখুন :