পানছড়িতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ৬:৫২ অপরাহ্ন /
পানছড়িতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

 

প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পানছড়ি উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা-এর আয়োজনে এবং পানছড়ি উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের জন্য এই কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রুমানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী (মাটিরাঙ্গা সার্কেল)। এছাড়াও উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন, উপজেলা নির্বাচন অফিসার পলাশ চন্দ্র পালসহ উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণে মোট ৩৬০ জন ভোটগ্রহণকারী কর্মকর্তা অংশগ্রহণ করেন। এর মধ্যে ৩০ জন প্রিজাইডিং অফিসার, ১১১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ২১৯ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব ও ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। ভোটগ্রহণ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ভোটের গোপনীয়তা রক্ষায় সর্বোচ্চ সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এসময় নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধিমালা, দায়িত্ব পালনের কৌশল, ভোটগ্রহণ প্রক্রিয়ায় সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।