
মো: নুরশাদ হোসেন বাপ্পী : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে প্রচারণার অংশ হিসেবে পানছড়ি উপজেলায় নারী ভোটারদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
২৮ জানুয়ারি বুধবার পানছড়ি উপজেলার দমদম এলাকায় আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি খাগড়াছড়ির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী।

উঠান বৈঠকে স্থানীয় মা-বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় প্রধান অতিথি জাকিয়া জিনাত বিথী দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব এবং জনগণের ভোটাধিকার সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, উঠান বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয় এবং এতে ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ে। স্থানীয় নারী ভোটারদের নানা প্রশ্ন ও মতামতও এ সময় শোনা হয়।
উঠান বৈঠক চলাকালে এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
আপনার মতামত লিখুন :