নির্বাচন ও সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুত বিজিবি


admin প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ৭:২৫ অপরাহ্ন /
নির্বাচন ও সীমান্ত নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুত বিজিবি

  প্রতিনিধি : সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও মাদক প্রতিরোধের পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে বিজিবি চট্টগ্রাম রিজিয়ন।

২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলার গুইমারা সেক্টরের খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন ব্যাটালিয়নের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ শাহীনূল ইসলাম।

তিনি জানান, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্তের মধ্যে চট্টগ্রাম রিজিয়নের আওতায় রয়েছে প্রায় ৫৪০ কিলোমিটার সীমান্ত এলাকা। এ সীমান্ত মীরসরাই উপজেলার আমতলী থেকে রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলার কচুতলী পর্যন্ত বিস্তৃত। এই বিশাল সীমান্ত এলাকায় চট্টগ্রাম রিজিয়নের অধীনে মোট ১৩টি বিজিবি ব্যাটালিয়ন দায়িত্ব পালন করছে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, গত তিন মাসে চট্টগ্রাম রিজিয়নের অধীনস্থ বিভিন্ন ব্যাটালিয়নের পরিচালিত অভিযানে ২ জন আসামিসহ ৫ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৪১১ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের মধ্যে ইয়াবা, গাঁজা, মদ, বিদেশি সিগারেটসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য রয়েছে।

এ সময় সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদারের মাধ্যমে ৪৩২টি গরু ও ১৮টি ছাগল আটক করে নিয়ম অনুযায়ী শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

লেফটেন্যান্ট কর্নেল শাহীনূল ইসলাম বলেন, গত ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখে খেদাছড়া ব্যাটালিয়নের একটি বিশেষ অভিযানে একটি ১২ বোর পিস্তল, ২ রাউন্ড তাজা গোলাবারুদ এবং ৩টি হাসুয়া উদ্ধার করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে বিজিবি পূর্ণমাত্রায় মোতায়েন থাকবে। চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটি জেলার মোট ৩৩টি উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। প্রয়োজনে বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড ও আরসিভি ইউনিটও মোতায়েন রাখা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বিজিবি সীমান্তবর্তী দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। এর মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসাসেবা, কৃষি উপকরণ সহায়তা ও শিক্ষা সহায়তাসহ নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।