দীঘিনালায় সেনা-ফরেস্ট অভিযানে অবৈধ কাঠ জব্দ


admin প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ১:২২ অপরাহ্ন /
দীঘিনালায় সেনা-ফরেস্ট অভিযানে অবৈধ কাঠ জব্দ

 

মো. সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।
১৭ মার্চ মঙ্গলবার সকালে জব্দকৃত কাঠ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। জব্দকৃত কাঠের পরিমাণ ১৩৮ টুকরা, যার আয়তন প্রায় ৪৯৮.০১ ঘনফুট। এসব কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লাখ টাকা।
এর আগে ১৬ মার্চ সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জামতলী বাঙালি পাড়া এলাকার একটি সুপারি বাগানে অভিযান চালানো হয়। এ সময় একটি গোল কাঠ বোঝাই ট্রাক জব্দ করা হয়। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ট্রাকটি তল্লাশি করে সেগুন, গর্জন, গোদা, চাপালিশ, কড়ই ও গামারসহ বিভিন্ন প্রজাতির ১৩৮ টুকরা গোল কাঠ উদ্ধার করা হয়।
জামতলী বন শুল্ক ও পরীক্ষণ স্টেশনের ডেপুটি রেঞ্জার মো. তমিজ উদ্দিন জানান, সেনাবাহিনী ও বন বিভাগের যৌথ অভিযানে উদ্ধার করা এসব কাঠ জামতলী ফরেস্ট স্টেশনে নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।