
প্রতিনিধি : খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় অস্বচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা জোনের উদ্যোগে ২৮ জানুয়ারি বুধবার সকাল ৯টা থেকে দিনব্যাপী উপজেলার ছোট মেরুং এলাকায় একটি মেডিকেল ক্যাম্প পরিচালনা করা হয়। স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা চাহিদার কথা বিবেচনায় নিয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে দীঘিনালা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মো. শাইখুদ্দিন সাকলাইন সরাসরি রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। এসময় প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
এই মেডিকেল ক্যাম্পের মাধ্যমে ছোট মেরুং এলাকার মোট ৫৩২ জন মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। এর মধ্যে ৫৭ জন পাহাড়ি জনগোষ্ঠীর সদস্য এবং ৪৭৫ জন বাঙালি জনগণ চিকিৎসা সেবা পান।
বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। তারা এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
দীঘিনালা জোনের এই উদ্যোগ এলাকার সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা রাখছে বলে স্থানীয়রা মনে করছেন। বিশেষ করে অস্বচ্ছল ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য এ ধরনের চিকিৎসা ক্যাম্প স্থানীয় পর্যায়ে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
আপনার মতামত লিখুন :