জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানিয়ে রামগড় ৪৩ বিজিবির সংবাদ সম্মেলন


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ৫:১০ অপরাহ্ন /
জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানিয়ে রামগড় ৪৩ বিজিবির সংবাদ সম্মেলন

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানিয়ে রামগড় ৪৩ বিজিবির সংবাদ সম্মেলন

রামগড় অফিস:
আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রেখে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টরের আওতাধীন খাগড়াছড়ি ও চট্টগ্রামের ৩ টি সংসদীয় আসনে ৩ শ ৪৪ টি ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে বিজিবি।
বুধবার সকালে রামগড় জোন ৪৩ বিজিবি এর সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে নির্বাচনে বিজিবির প্রস্তুতি নিয়ে বক্তব্য দেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, সারাদেশের মতো আগামী ১ ফেব্রুয়ারি থেকে সংসদ নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে মাঠে নামবে বিজিবি। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারের পাশাপাশি রামগড় জোনের আওতাধীন রামগড় ও চট্টগ্রামের ফটিকছড়ি এবং মীরেরসরাই উপজেলার ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটে অংশ নিতে পারেন সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে। অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ ও ভোটের পরিবেশ আশঙ্কামুক্ত রাখতে বেইস ক্যাম্প করে কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা, বিশেষায়িত কে-নাইন ডগ স্কোয়াড মোতায়ন, র্যাপিড অ্যাকশন টিম, হেলিকপ্টার ও কুইক রেসপন্স টিম গঠনের কথা জানান তিনি।
তিনি আরো জানান, নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যামিনীপাড়া, খেদাছড়া এবং রামগড় ব্যাটালিয়ন তথা গুইমারা সেক্টর সংবিধান ও আইনের আলোকে দায়িত্ব পালন করে যাবে। গুইমারা সেক্টর এর ব্যাটালিয়নসমূহের দায়িত্বপূর্ণ এলাকা মূলত পার্বত্য দুর্গম এলাকা, যা নির্বাচনের দায়িত্বকে অনেক বেশি চ্যালেঞ্জিং করে তুলেছে। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
এসময় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।