গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে খাগড়াছড়িতে মতবিনিময় সভা


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ৯:৫০ পূর্বাহ্ন /
গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে খাগড়াছড়িতে মতবিনিময় সভা

ছোটন বিশ্বাস : গণভোট ২০২৬—সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি শুক্রবার  বিকেলে খাগড়াছড়ি পৌর টাউন হলের সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।

সভা শুরুর আগে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের গণভোট সংক্রান্ত রেকর্ডকৃত বক্তব্য ডিসপ্লের মাধ্যমে প্রচার করা হয়। এ সময় তিনি গণতন্ত্র রক্ষায় গণভোটে অংশগ্রহণের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে দেশের জনগণকে উদ্বুদ্ধ করেন।

সভায় বক্তব্যে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এই গণভোটের মাধ্যমে জনগণের দাবি তুলে ধরার সুযোগ সৃষ্টি হয়েছে। ‘হ্যাঁ’ ভোট প্রদানের মাধ্যমে দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে। একই সঙ্গে এই ভোটের মাধ্যমে নাগরিকরা তাদের স্বাধীন মত প্রকাশের সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, সবাই যেন উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এজন্য তিনি সকলকে ‘হ্যাঁ’ ভোট প্রদানের আহ্বান জানান।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল ইসলাম, খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং জেলা ছাত্র প্রতিনিধি রাকিব মনি ইফতি।

বক্তারা বলেন, বিগত ১৭ বছর ধরে নাগরিকরা প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগ করতে ব্যর্থ হয়েছেন। গণতন্ত্র রক্ষায় ভোটাধিকার প্রয়োগের সুযোগ না পাওয়ায় জনগণের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে দেশে একটি ইতিবাচক ও অভূতপূর্ব পরিবর্তন আসবে।

মতবিনিময় সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষকমণ্ডলী, জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।