
সবুজ পাতা ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এতে ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
৩ জানুয়ারি শনিবার খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত যাচাই-বাছাইয়ের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এই আসনে মোট ১৫টি মনোনয়নপত্র জমা পড়ে। যাচাই শেষে এর মধ্যে ৭টি বৈধ, ৭টি বাতিল এবং ১টি স্থগিত হিসেবে চিহ্নিত করা হয়।
যাচাই-বাছাইয়ে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীদেরসহ বেশ কয়েকটি প্রধান রাজনৈতিক দলের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন— স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা, সোনা রতন চাকমা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী এবং গণঅধিকার পরিষদের দীনময় রোয়াজা। মোট ৭ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।
এছাড়া বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার মনোনয়নপত্র আপাতত স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন, বিএনপির আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির উশোপ্রু মারমা।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত জানান, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
আপনার মতামত লিখুন :