খাগড়াছড়ি আসনে ৮২ হাজার ৭ শত ২৫ ভোটের ব্যবধানে ওয়াদুদ ভূঁইয়ার বিজয়


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১৩, ২০২৬, ২:১৪ অপরাহ্ন /
খাগড়াছড়ি আসনে ৮২ হাজার ৭ শত ২৫ ভোটের ব্যবধানে ওয়াদুদ ভূঁইয়ার বিজয়

সবুজ পাতা ডেস্ক  : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ির একমাত্র সংসদীয় আসন (২৯৮) থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে ভোট গণনা শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ওয়াদুদ ভূঁইয়া পেয়েছেন ১ লাখ ৫১ হাজার ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা পেয়েছেন ৬৮ হাজার ৩১৫ ভোট। বাংলাদেশ জামায়াতের প্রার্থী মো. এয়াকুব আলী পেয়েছেন ৫৮ হাজার ৫৮৫ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান পেয়েছেন ৪৭ হাজার ৯১০ ভোট।
এ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাতজন প্রার্থী নির্ধারিত ভোটসংখ্যা অর্জন করতে না পারায় জামানত হারান। তারা হলেন-জাতীয় পার্টি (এ)-এর মিথিলা রোয়াজা (১,০২৪ ভোট), ইসলামী আন্দোলনের মো. কাউছার (৩,০৮৯ ভোট), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইমলাম (৬৮৩ ভোট), গণঅধিকার পরিষদের দীনময় ত্রিপুরা (৭৫৫ ভোট), বাংলাদেশ মুসলিম লীগের মো. মোস্তফা (১৮৪ ভোট), বাংলাদেশ মাইনরিটি পার্টির উশ্যেপ্রু মারমা (১,০৩০ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা (৯০৪ ভোট)।
দীর্ঘ সময় পর অনুষ্ঠিত এ নির্বাচনে পাহাড়ি ও বাঙালি ভোটারদের অংশগ্রহণ ছিল লক্ষণীয়। নির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়।
ফলাফল ঘোষণার পর জেলা বিএনপির কার্যালয়ের সামনে নেতা-কর্মীরা আনন্দ মিছিল করেন। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই বিজয় খাগড়াছড়ির মানুষের। পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় কাজ করতে চাই।”