খাগড়াছড়ি আসনে প্রচারণার শেষ দিনে বিএনপির শক্তিশালী মিছিল ও সমাবেশ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন /
খাগড়াছড়ি আসনে প্রচারণার শেষ দিনে বিএনপির শক্তিশালী মিছিল ও সমাবেশ

 

আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার শেষ দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুঁইয়া-র পক্ষে পানছড়ি উপজেলায় নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫টায় পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন-এর নেতৃত্বে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিয়া স্কয়ারে গিয়ে এক পথসভা ও সমাবেশে রূপ নেয়।
সমাবেশে বক্তারা বলেন, আজকের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হচ্ছে এবং নির্ধারিত সময় অনুযায়ী পরবর্তী সময়ে সব ধরনের গণসংযোগ বন্ধ থাকবে। তারা ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচন হবে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই শান্তিপূর্ণ পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে হবে।
বক্তারা ওয়াদুদ ভুঁইয়াকে একজন জনপ্রিয়, পরীক্ষিত ও ত্যাগী নেতা হিসেবে উল্লেখ করে বলেন, এলাকার উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় তার বিকল্প নেই। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান তারা।
সমাবেশে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল ইসলাম, সহসভাপতি নূরুল কায়েস শিমুল, সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ইদ্রিস আলী, যুবদলের আহ্বায়ক মো. আবছার ও সদস্য সচিব মো. সেলিম, কৃষক দলের সভাপতি আবুল হাসেম, মহিলা দলের সভানেত্রী জাহানারা বেগমসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

সমাবেশ শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন এবং ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।