খাগড়াছড়ির চম্পাঘাট অনাথ আশ্রমে অনাথ শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১০, ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন /
খাগড়াছড়ির চম্পাঘাট অনাথ আশ্রমে অনাথ শিশুদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

প্রতিনিধি: বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ মানবিক কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ির চম্পাঘাট অনাথ আশ্রম পরিদর্শন এবং সেখানে বসবাসরত অনাথ ও এতিম শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে। এই মানবিক কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনাথ শিশুদের হাতে নতুন স্কুল ব্যাগ তুলে দেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন।
অনাথ আশ্রম পরিদর্শনকালে তিনি শিশুদের খোঁজখবর নেন এবং তাদের পড়াশোনা, আবাসন ব্যবস্থা ও দৈনন্দিন জীবনযাত্রা সম্পর্কে বিস্তারিত জানতে চান। শিশুদের সঙ্গে সময় কাটিয়ে তাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং মানসিকভাবে উৎসাহিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।
স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন বলেন,
“এই শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষা ও মানসিক বিকাশ নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুরাও সামনে এগিয়ে যেতে পারবে। অনাথ শিশুদের জন্য শিক্ষা সবচেয়ে বড় শক্তি। নতুন স্কুল ব্যাগ হাতে পেয়ে শিশুদের চোখে যে আনন্দ ও স্বপ্নের ঝিলিক দেখা যায়, সেটিই এই আয়োজনের সার্থকতা। ভবিষ্যতেও অসহায়, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকব।
এসময় আশ্রমজুড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। নতুন স্কুল ব্যাগ পেয়ে শিশুদের উচ্ছ্বাস ও হাসি উপস্থিত সকলের মাঝে আবেগঘন মুহূর্ত তৈরি করে।
চম্পাঘাট অনাথ আশ্রম কর্তৃপক্ষ এই মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,“এ ধরনের উদ্যোগ শুধু অনাথ শিশুদের জন্য নয়, বরং পুরো সমাজের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। এতে অন্যরাও মানবিক কাজে এগিয়ে আসতে অনুপ্রাণিত হয়।”
তারা আরও জানান, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমনের এই উদ্যোগ অনাথ শিশুদের শিক্ষাজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সচেতন মহল মনে করছেন, এমন মানবিক কর্মসূচি সমাজে সহমর্মিতা, মানবতা ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।