
মো: নুরশাদ হোসেন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনের বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভুইঁয়া জানিয়েছেন, পাহাড়ে সকল সম্প্রদায়ের মধ্যে আস্থা ও বিশ্বাস গড়ে তুলেই সাম্প্রদায়িক সম্প্রীতি ও টেকসই উন্নয়ন সম্ভব।
২৪ জানুয়ারি শনিবার (খাগড়াছড়ি শিশু একাডেমি মিলনায়তনে জেলার বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে রাজনৈতিক প্রতিহিংসা নয়, বরং সব সম্প্রদায়ের সমান অধিকার নিশ্চিত করে উন্নয়নমূলক কাজ করা হবে।
ওয়াদুদ ভুইঁয়া আরও জানান, জেলা পরিষদের আইন ও পার্বত্য চুক্তির সীমাবদ্ধতার মধ্যেও উন্নয়নের জন্য কাজ অব্যাহত থাকবে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীদের অনিয়ম নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে চাঁদাবাজি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে। তিনি ভবিষ্যতে বিনা পয়সায় সরকারি চাকরি দেওয়ারও আশ্বাস দেন।
সভায় সাবেক জেলা প্রশাসনিক কর্মকর্তা প্রিয় কুমার চাকমা, সমাজকর্মী রবি শংকর তালুকদার, এডভোকেট নাসির আহাম্মদ, সাবেক উপজেলা চেয়ারম্যান শানে আলম এবং প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় জেলার শতাধিক বিশিষ্ট নাগরিক উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :