খাগড়াছড়িতে রুফটপ সোলার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৬, ৩:৪০ অপরাহ্ন /
খাগড়াছড়িতে রুফটপ সোলার বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি

 

খাগড়াছড়িতে “দশ লাখ রুফটপ সোলার, দশ লাখ কর্মসংস্থান” কর্মসূচি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে Forum on Ecology and Development (FED) এবং Jabarang Kalyan Samity।

২২ ফেব্রুয়ারি রবিবার  সকালে জেলা সদরের বাজার ফান্ড কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে সংগঠনের নেতাকর্মী, পরিবেশকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন। কর্মসূচি শেষে পৌর প্রশাসক সাজিয়া তাহেরের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন FED-এর সভাপতি অরুন কান্তি চাকমা। বক্তারা বলেন, পরিবেশবান্ধব ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে জ্বালানি নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে রুফটপ সোলার প্রকল্পকে জাতীয় অগ্রাধিকার দেওয়ার দাবি জানান তারা।

বক্তারা কয়েকটি দাবি তুলে ধরেন, যেমন—

রুফটপ সোলার খাতে সরকারি বরাদ্দ বৃদ্ধি,

ভর্তুকি সম্প্রসারণ ও প্রয়োজনীয় সরঞ্জামে শুল্ক মওকুফ,

স্থানীয় সরকার আইন ২০০৯ অনুযায়ী পৌরসভা ও সিটি কর্পোরেশনের মাধ্যমে সৌর বিদ্যুৎ উৎপাদন কোম্পানি বা যৌথ উদ্যোগ (JV) গঠনের সুযোগ সৃষ্টি,

সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের জন্য প্রণোদনা ও সহজ ঋণ সুবিধা নিশ্চিত করা।

তারা বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে রুফটপ সোলার বাস্তবায়নে সক্রিয় করতে হবে এবং সরকারি নীতিমালায় সৌর বিদ্যুৎ খাতকে অগ্রাধিকার দিতে হবে। জ্বালানি ন্যায়বিচার নিশ্চিত করে একটি সবুজ ও টেকসই খাগড়াছড়ি গড়তে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্বারোপ করা হয়।

মানববন্ধনে জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ম্যানেজার দয়ানন্দ ত্রিপুরা, FED-এর সাধারণ সম্পাদক ইখিন চৌধুরী, শ্যামল রোজারিও, নুরুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।