
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি–২৯৮ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া–কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের বিশিষ্টজনদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে খাগড়াছড়ি জেলা সদরের সুইসগেইট সংলগ্ন প্লেংসা রেস্টুরেন্টে ত্রিপুরা বিএনপি সমর্থক গোষ্ঠী, সুশীল সমাজ ও নির্বাচনী প্রচারণা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সমাজসেবক ও বিশিষ্ট ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভাটির সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন ত্রিপুরা বিএনপি সমর্থক ও নির্বাচনী প্রচারণা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন। সূচনালগ্নে তিনি উপস্থিত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি গণতান্ত্রিক ও জনবান্ধব নেতৃত্ব প্রয়োজন, যা বিএনপির মাধ্যমেই বাস্তবায়ন সম্ভব।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিএনপি সমর্থক গোষ্ঠী ও নির্বাচনী প্রচারণা কমিটির সহকারী আহ্বায়ক খবেন্দ্র লাল ত্রিপুরা। এছাড়াও তাপস ত্রিপুরা, সজীব ত্রিপুরা, অনিল ত্রিপুরা, হেমংকর ত্রিপুরা, বিভূতি ত্রিপুরাসহ ত্রিপুরা খ্রিস্টান সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়ন, পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ এবং শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার টেকসই উন্নয়নে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া একজন যোগ্য, অভিজ্ঞ ও পরীক্ষিত নেতা। তারা উল্লেখ করেন, অতীতে বিএনপি পার্বত্য অঞ্চলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে বলে তারা আশাবাদী।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ওয়াদুদ ভূঁইয়াকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মানুষ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে রায় দেবে।
মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক মতামত বিনিময় করেন এবং আগামীর নির্বাচনী কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :