
প্রতিনিধি: খাগড়াছড়িতে জাবারাং কল্যাণ সমিতির উদ্যোগে প্রান্তিক শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের কুমারধন রোয়াজা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম আয়োজন করা হয়।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের অর্থায়ন এবং গণসাক্ষরতা অভিযানের কারিগরি সহযোগিতায় জাবারাং কল্যাণ সমিতি বাস্তবায়িত “শিশু সুরক্ষা” প্রকল্পের আওতায় প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত মোট ৪৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল মৃধা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুশবু রোয়াজা, সহকারী শিক্ষকবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবকবৃন্দ এবং জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম ডিরেক্টর বিনোদন ত্রিপুরা, প্রোগ্রাম অফিসার বিদ্যুৎ জ্যোতি চাকমাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শীতবস্ত্র ও স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত ও অনুপ্রাণিত হয়েছে। এই উৎসাহ ধরে রাখতে নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ এবং গুণগত শিক্ষা প্রদানে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তারা আরও উল্লেখ করেন, এ ধরনের সহায়তা প্রান্তিক শিশুদের শিক্ষায় আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নিখিল মৃধা বলেন, “প্রতিটি শিশুকে নিজের সন্তানের মতো যত্ন নিলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।” তিনি শিক্ষকদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে শিশুদের একবিংশ শতাব্দির উপযোগী করে গড়ে তোলার আহ্বান জানান।
উল্লেখ্য, “শিশু সুরক্ষা” প্রকল্পটি ১ জানুয়ারি ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৭ পর্যন্ত বাস্তবায়িত হবে। প্রকল্পের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ও ভাইবোনছড়া ইউনিয়নের ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৭টি মাধ্যমিক বিদ্যালয় অন্তর্ভুক্ত রয়েছে। এ পর্যন্ত প্রকল্পের মাধ্যমে ৯৯১ জন প্রাথমিক শিক্ষার্থী ও ৩২২ জন মাধ্যমিক পর্যায়ের ছাত্রীকে স্কুল ব্যাগ ও শীতের সোয়েটার প্রদান করা হয়েছে।
জাবারাং কল্যাণ সমিতি মনে করে, এই ধরনের উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের শিক্ষায় উৎসাহ জোগাবে এবং একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে।
আপনার মতামত লিখুন :