খাগড়াছড়িতে অসহায় পরিবার পেল হাঁস-মুরগি ও গবাদিপশু


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন /
খাগড়াছড়িতে অসহায় পরিবার পেল হাঁস-মুরগি ও গবাদিপশু

প্রতিনিধি : খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড়ি জনপদে অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর জীবনে নতুন আশার আলো জ্বালাতে হাঁস-মুরগি ও গবাদিপশু বিতরণ করেছে পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এই উদ্যোগের মাধ্যমে শতাধিক পরিবার আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি জেলার ভাইবোনছড়া ইউনিয়নের গাছবান ২নং প্রকল্প এলাকার কুমারধন রোয়াজা পাড়ায় আয়োজিত বিতরণ কার্যক্রমে দীঘিনালা, খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে বাছাই করা শতাধিক অসহায়, দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে হাঁস, মুরগি, গরু ও ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে গবাদিপশু তুলে দেন পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরা। এ সময় তিনি বলেন, প্রত্যন্ত এলাকার নারী ও দরিদ্র পরিবারের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে পার্বত্য মন্ত্রণালয়ের বরাদ্দে জেলা পরিষদের মাধ্যমে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব গবাদিপশু লালন-পালনের মাধ্যমে পরিবারগুলো ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে।
উপকারভোগী অনিকা ত্রিপুরা বলেন, “আমরা দিন আনি দিন খাই। আজ যে গবাদিপশু পেলাম, সেগুলো লালন-পালন করে নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি হলো। আমাদের জন্য এটি অনেক বড় সহায়তা।”
আরেক উপকারভোগী জানান, পাহাড়ি এলাকায় কাজের সুযোগ সীমিত। হাঁস-মুরগি পালনের মাধ্যমে ঘরে বসেই আয় করা সম্ভব হবে এবং সন্তানদের পড়াশোনার খরচ চালানো সহজ হবে।
সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ শুধু তাৎক্ষণিক সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি পাহাড়ি জনপদের মানুষের জন্য দীর্ঘমেয়াদি আত্মকর্মসংস্থানের একটি টেকসই পথ তৈরি করবে। জীবিকার বিকল্প উৎস গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

স্থানীয়দের মতে, নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হলে পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং পাহাড়ি জনপদগুলো ধীরে ধীরে আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যাবে।