
আরিফুল ইসলাম মহিন : শীতের তীব্রতা বাড়তে থাকায় পার্বত্য এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার ১নং লোগাং ইউনিয়নে শীতার্ত, অসহায়, এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৬ জানুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ কার্যক্রমে ১নং লোগাং ইউনিয়নের দলনেতা মো. জসিম উদ্দিনের নেতৃত্বে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লোগাং আনসার ও ভিডিপি প্লাটুন কমান্ডার জমির উদ্দিন, লোগাং ৪নং প্লাটুনের ভিডিপি সদস্য মোহাম্মদ সামিনুল্লাহসহ অন্যান্য সদস্যরা।
কম্বল বিতরণকালে মো. জসিম উদ্দিন বলেন, পাহাড়ি অঞ্চলে শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি হওয়ায় দরিদ্র মানুষের কষ্টও বাড়ে। সেই কষ্ট লাঘবে আনসার ও ভিডিপি মানবিক দায়িত্ববোধ থেকে এই উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, অবকাঠামো উন্নয়নের পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নেও তারা কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চলমান থাকবে।
কম্বল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন। একজন উপকারভোগী জানান, শীতের রাতে কষ্ট অনেকটাই কমবে বলে তিনি আশাবাদী। আরেকজন বৃদ্ধ বলেন, পাহাড়ি এলাকায় শীত অত্যন্ত কঠিন, কম্বল পাওয়া তাদের জন্য বড় সহায়তা।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়দের মতে, দুর্গম পাহাড়ি এলাকায় শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ শীতার্ত মানুষের জন্য অত্যন্ত কার্যকর ও প্রশংসনীয়।
উল্লেখ্য, শীত মৌসুমে পার্বত্য অঞ্চলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় দরিদ্র জনগোষ্ঠীর ভোগান্তি বেড়ে যায়। আনসার ও ভিডিপির এ মানবিক উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা অর্জন করেছে।
আপনার মতামত লিখুন :