অবসর ভাতায় গড়ার স্বপ্ন: ছয় বছর ধরে পাহাড়ের অসহায়দের পাশে প্রফেসর ফেরদৌসী পারভিন


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন /
অবসর ভাতায় গড়ার স্বপ্ন: ছয় বছর ধরে পাহাড়ের অসহায়দের পাশে প্রফেসর ফেরদৌসী পারভিন

 

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক: সামাজিক সংগঠন ‘মাত্রা’ খাগড়াছড়িতে ছয় বছর ধরে পাহাড়ের অসহায় ও অস্বচ্ছল নারীদের স্বাবলম্বী করতে মানবিক কার্যক্রম চালিয়ে আসছে। সংগঠনটি “মাত্রা, নারীর স্বস্তির যাত্রা” মূলমন্ত্রকে সামনে রেখে নানা সহায়তা প্রদান করছে।

১২ জানুয়ারি সোমবার খাগড়াপুর এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে অস্বচ্ছল নারী, প্রতিবন্ধী, এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, হুইলচেয়ার, কোরআন শরীফ, চাল ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন ‘মাত্রা’-এর প্রতিষ্ঠাতা ও গাজীপুর সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফেরদৌসী পারভিন।

এদিন ৭টি সেলাই মেশিন, শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার, শিক্ষার্থীদের জন্য কোরআন শরীফ ও স্কুল উপকরণ, এতিমখানায় ১০০ কেজি চাল, স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন অস্বচ্ছল পরিবার ও নারীদের প্রয়োজনীয় সামগ্রীও প্রদান করা হয়।

প্রফেসর ফেরদৌসী পারভিন বলেন, “পাহাড়ের নারীরা পিছিয়ে থাকে কেবল সুযোগের অভাবে। সহানুভূতি নয়; দক্ষতা ও উপকরণ দিলে একজন নারী নিজেই নিজের ভাগ্য গড়ে নিতে পারে। আমার অবসর ভাতার প্রতিটি টাকা আমি অসহায় নারীদের জন্য ব্যয় করছি। এটি কোনো দান নয়, এটি আমার সামাজিক দায়িত্ব। যতদিন বেঁচে থাকব, এই কাজ চালিয়ে যাব।”

তিনি আরও জানান, ২০২১ সাল থেকে খাগড়াছড়িতে প্রায় ১,৭০০ জন অস্বচ্ছল নারী ও পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা প্রদান করা হয়েছে।

উপকারভোগীরা এই সহায়তা পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এক নারী বলেন, “সেলাই মেশিন পেয়ে মনে হচ্ছে নতুন করে জীবন শুরু করতে পারব।” আরেকজন বলেন, “এটি আমাদের আত্মবিশ্বাস। এখন আর অন্যের ওপর নির্ভর করতে হবে না।”

স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, ‘মাত্রা’-র এই উদ্যোগ কেবল সহানুভূতির প্রকাশ নয়, বরং টেকসই উন্নয়নের এক কার্যকর মানবিক মডেল। মানবিকতা, স্বাবলম্বিতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে ‘মাত্রা’ খাগড়াছড়ির অসহায় মানুষের জীবনে নতুন আশা জাগিয়েছে।