মাটিরাঙ্গায় বিজিবির ঈদ সহায়তা ও চিকিৎসা সেবা


admin প্রকাশের সময় : মার্চ ১৭, ২০২৬, ১:৫৬ অপরাহ্ন /
মাটিরাঙ্গায় বিজিবির ঈদ সহায়তা ও চিকিৎসা সেবা

জসীম উদ্দিন জয়নাল :

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) এর পলাশপুর জোনের উদ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী, আর্থিক অনুদান ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

১৬ মার্চ সোমবার  দুপুর সাড়ে ১২টার দিকে পলাশপুর জোন সদরে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন পলাশপুর জোন কমান্ডার ও খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম, পিএসসি।

কর্মসূচির আওতায় ৫৫টি দরিদ্র মুসলিম পরিবার এবং একটি মাদ্রাসা ও এতিমখানার মাঝে মোট ৫৯ হাজার ৩৪০ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বেলছড়ি ইউনিয়নের একটি শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের মহোৎসব উপলক্ষে নগদ ৩ হাজার টাকা এবং একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য ২০ হাজার ৪০০ টাকা মূল্যের ১২টি ডেস্ক ও ১২টি চেয়ার প্রদান করা হয়। সব মিলিয়ে এ কর্মসূচিতে মোট ৯২ হাজার ৭৪০ টাকার মানবিক সহায়তা দেওয়া হয়েছে।

একই দিনে পলাশপুর জোন সদরে চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। খেদাছড়া ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মো. জাহিন আবদুল্লাহর নেতৃত্বে পরিচালিত এ ক্যাম্পে প্রায় দেড় শতাধিক অসহায় মানুষকে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মুহা. শাহীনূল ইসলাম বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি নিয়মিতভাবে অসহায় মানুষের জন্য মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।