মহালছড়ির কাটিং টিলায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৪, ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন /
মহালছড়ির কাটিং টিলায় বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল ও স্মরণ সভা

 

ছানোয়ার হোসেন: খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার কাটিং টিলা এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৪ জানুয়ারি ২০২৬ বুধবার বিকেলে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপির নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মো. মোশারফ চেয়ারম্যান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন এবং খাগড়াছড়ি জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. জহির উদ্দিনসহ দলটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র এলাকার কৃতি সন্তান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন কাটিং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক মো. আজিজুল হক।

বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তারা আরও বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তিনি আপসহীন ছিলেন এবং আজীবন দেশ ও মানুষের কল্যাণে কাজ করে গেছেন।

আলোচনা সভা শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং দলের নেতাকর্মীদের কল্যাণ কামনা করা হয়।

স্মরণ সভা ও দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।