মহালছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাসিক কমিটির সভা


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন /
মহালছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাসিক কমিটির সভা

 

ছানোয়ার হোসেন : খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার সকাল ১১টা ১৫ মিনিটে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রায়হান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের বিদায়ী জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ এবং নবাগত জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর মো. সামিউল সানি, মহালছড়ি জোনের এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন মো. গোলাম নাহিদ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ধনিষ্ঠা চাকমা।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, থানা পুলিশের প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি চুরি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা বজায় রাখা এবং বাজার মনিটরিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, পুলিশ ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। যেকোনো ধরনের অপরাধ বা অনিয়মের তথ্য দ্রুত প্রশাসনকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।

সভা শেষে সভাপতি সকলের সম্মিলিত সহযোগিতার মাধ্যমে মহালছড়িতে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।