বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের সঙ্গে পাহাড়ে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে-ওয়াদুদ ভুঁইয়া


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:০২ অপরাহ্ন /
বিএনপি ক্ষমতায় এলে উন্নয়নের সঙ্গে পাহাড়ে সকলের নিরাপত্তা নিশ্চিত হবে-ওয়াদুদ ভুঁইয়া

 

জসীম উদ্দিন জয়নাল : পাহাড়ি ও বাঙালি—সব সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন, নিরাপদ ও সমৃদ্ধ ‘নতুন বাংলাদেশ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়া।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে উন্নয়নের পাশাপাশি পাহাড়ে বসবাসকারী সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পাহাড়ি-বাঙালি সবাই মিলেই এই অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও অগ্রযাত্রা নিশ্চিত করবে। আমরা প্রতিপক্ষ নয়, আমরা বন্ধুত্ব ও সহাবস্থান চাই।
৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে মাটিরাঙ্গা পৌরসভার নবীনগর, গাজীনগর, পলাশপুর, বাবুপাড়া, চৌধুরীপাড়া, মুসলিমপাড়া এবং মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু এলাকায় নির্বাচনী গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন তিনি।
ওয়াদুদ ভুঁইয়া বলেন, প্রায় ১৮ বছর আগে খাগড়াছড়িতে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো ও আর্থসামাজিক খাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছিল। কিন্তু গত সতেরো বছরে উন্নয়নের নামে লুটপাট ও দুঃশাসন কায়েম করা হয়েছে। দুর্নীতি ও দুঃশাসন থেকে দেশকে মুক্ত করতে হলে বিএনপি এবং তারেক রহমানের বিকল্প নেই।
তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে। এর মাধ্যমেই দুঃশাসনের অবসান ঘটিয়ে ন্যায়বিচার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মো. বাদশা মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।